বেলের জোড়া গোলে রিয়ালের ড্র
প্রকাশিত: ২ সেপ্টেম্বর (সোমবার), ২০১৯ Archive 2018Source: স্পোর্টস ডেস্ক
১৬৯ দিন গোল শূন্য থাকা গ্যারেথ বেলের জোড়া গোলে রক্ষা পেয়েছে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের পর যোগ করা মিনিটে লাল কার্ডও দেখেছেন বেল। লা লিগায় রোববার রাতে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা দুই ম্যাচে ড্র করলো মাদ্রিদিস্তারা। ভিয়ারিয়ালের মাঠে খেলা শুরুর ১২তম মিনিটে রিয়ালের জালে প্রথম গোল করেন স্বাগতিকদের তারকা জেরার্দ মোরেনো। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালকে সমতায় ফেরান ওয়েলসের ফরোয়ার্ড বেল। ৭৪ মিনিটে গোমেজ বার্দোনাদো আবার বল জড়ান রিয়ালের জালে। ৮৬তম মিনিটে গোল করে দলকে বাঁচান বেল। যোগ করা সময়ে দু’বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেল। চলতি শতাব্দীতে রিয়ালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে জোড়া গোল ও লাল কার্ড দেখলেন বেল। কিছুদিন আগেও ৩০ বছর বয়সী বেলের রিয়াল ছেড়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিলো। সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লীগ শুরু করেছিলো রিয়াল। গত সপ্তাহে ভায়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করে রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে অবস্থান রিয়াল মাদ্রিদের।