ডোপ কেলেঙ্কারিতে নির্বাসিত হলেন ভারতে তরুণ ক্রিকেটার পৃথ্বী শ। এই তরুণ ব্যাটসম্যানের শরীরে নিষিদ্ধ বস্তু পাওয়ায় ৮ মাসের জন্য নিষিদ্ধ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে আসন্ন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন না ১৯ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার। বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানায়, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নথিভুক্ত ক্রিকেটার পৃথ্বী শ’র পাকস্থলিতে নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।’
গত ২২শে ফেব্রুয়ারি বোর্ডের অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচের জন্য পৃথ্বীর মূত্রের নমুনা নেওয়া হয়েছিল । পরে তার পাকস্থলিতে টার্বুটালাইনের অস্তিত্ব পাওয়া যায়। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই প্রতিযোগিতাতেই টার্বুটালাইন নিষিদ্ধ বস্তু হিসেবে ধরা হয়।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ই জুলাই বিসিসিআইয়ের অ্যান্টি ডোপিং আচরণবিধির ২.১ ধারায় পৃথ্বীকে অভিযুক্ত করা হয়। তাকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করেছেন ভারতের এই তরুণ ওপেনার। কিন্তু তিনি (পৃথ্বী) জানান বুকে কফ জমে যাওয়ার অসাবধানতাবশত ওষুধ খান তিনি।
ভারতের হয়ে এখন পর্যন্ত ২ টেস্ট খেলেছেন পৃথ্বী শ। দুই টেস্টে এক সেঞ্চুরি ও এক ফিফটি রয়েছে। পরে অস্ট্রেলিয়ার সফরেও দলে ছিলেন পৃথ্বী। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি।
