রিসেট

রাজশাহীতে হিজবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১০ মে (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হিজবুত তাহরীর সদস্য তানভীর হোসাইন (২৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত তানভীর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের হয়ে প্রচারণা চালাচ্ছিল। রাতের অন্ধকারে দলের পোস্টার সাঁটানোর কাজ করছিল। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পোস্টার, লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।