রিসেট

‘ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালন হাস্যকর’

প্রকাশিত: ১ মার্চ (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনগণের ভোটের অধিকার ক্ষুন্ন করে জাতীয় ভোটার দিবস পালন করা হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সংসদ ভবন এলাকায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে ভোটার খুঁজে পাওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারই খুঁজে পাননি প্রার্থীরা, তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে!


এ বিষয়ে বিএনপির এ জেষ্ঠ নেতা বলেন, দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারের দেখা পাননি বলে মন্তব্য করেছেন। তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় সিটি নির্বাচনে একটা ভোট নাটক মঞ্চস্থ হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও আগের রাতেই গোপনে ব্যালটবাক্স ভর্তি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচন বর্জন করে সেটি প্রমাণ করে দিয়েছে।