রিসেট

ভ্যানিটি ব্যাগ কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৭ জানুয়ারি (রবিবার), ২০১৯ Archive 2018Source: গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে বাবার কাছে ভ্যানিটি ব্যাগ চেয়ে না পাওয়ায় তানহা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে হোগলবাড়িয়া গ্রামের লালন হোসেন ওরফে নালানের মেয়ে ও মহাম্মদপুর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। শনিবার সন্ধ্যারাতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

স্থানীয়রা জানান, তালহা খাতুনের স্কুলে আজ নবীন বরণ অনুষ্ঠানের কথা ছিল। সে নবীন বরণ অনুষ্ঠানে আসার জন্য ভ্যানিটি ব্যাগ কেনার বায়না ধরে বাবার কাছে। তার বাবা ভ্যানিটি ব্যাগ কেনার ব্যাপারে কর্ণপাত না করায় অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আজ দুপুর ১২টার দিকে তানহার জানাজা শেষে স্থানীয় গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। এদিকে তানহা খাতুনের মৃত্যুর কারণে নবীন বরণ অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহাম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল আহমেদ।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, এ ঘটনায় কেউ বাদি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।