একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থী হিসাবে ইতিমধ্যে মাঠ চষে বেড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ভোটার ও দলের কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন নবগঠিত বাংলাদেশ সততা পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি গোলাম হাবিব। দলমত নির্বিশেষে বিপুল পরিমাণ কর্মী, সমর্থক, ভোটার ও লোকজনও অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগ দিতে দেখা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনের ন্যায় রমনা তেলিপাড়া এলাকায় মহিলা কর্মী ও ভোটারদের সঙ্গে সকালে মতবিনিময় করেন সাবেক এমপি গোলাম হাবিব দুলাল। এ ছাড়াও বুধবার দুপুরে অষ্টমীর চর ইউনিয়নের ভোটার, কর্মী ও যুবকদের সঙ্গেও নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। মঙ্গলবার বিকালে রানীগঞ্জ ফকিরেরহাট এলাকার দলের কর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন সততা দলের চিলমারী উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সমাজ সেবক গোলাম আশেক আকা, দলীয় নেতা মন্টু প্রমুখ। এ সময় ভোটার, দলের কর্মীসহ উপস্থিত জনতা সকলের সাবেক এমপি গোলাম হাবিবের সঙ্গে কাজ করবেন বলে মত প্রকাশ করেন। এর আগে গোলাম হাবিব রমনা মডেল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ও জনপ্রতিনিধি এবং সচেতন মহলের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় অনেকে বলেন, সাবেক এমপি গোলাম হাবিব যেকোনো পার্টির হোক বা স্বতন্ত্র প্রার্থী হিসাবেই হোক না কেন তিনি প্রার্থী হলে নির্বাচনী মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হবেন।
