ঈগল টিমের চমক
প্রকাশিত: ১৩ মে (রবিবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
১৪ দিনে এক কোটি ভিউ। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বাংলাদেশের ইউটিউবে প্রকাশিত গানের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি রেকর্ড। আর এ রেকর্ডটি স্পর্শ করেছে সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘অপরাধী’ শীর্ষক গানটি। গানটি গেয়েছেন আরমান আলিফ। কথা ও সুরও তার। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। তাতে অভিনয় করেছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন। এই ফোক গানটিই সম্প্রতি ভেঙে দিয়েছে ইউটিউবের সব রেকর্ড। চমৎকার গান হলে অল্প বাজেটের মানানসই মিউজিক ভিডিওতেও যে মাত করা যায় তার উদাহরণ এ গানটি। এ বিষয়ে ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, এটা ঈগল টিমের কৃতিত্ব। তাছাড়া একটি ভালো গান ও ভিডিও যে অল্প বাজেটের হলেও শ্রোতা-দর্শকদের মাঝে সাড়া ফেলতে পারে তার একটি উদাহরণ। আমরা চলতি বছর কেবল নতুন শিল্পীদের ভালোমানের গান প্রকাশ করছি। সঙ্গে মানানসই ভিডিও। যার ফলাফল পেয়েছি। নতুন শিল্পীদের গানও আমাদের এখান থেকে বেরিয়ে এসেছে। শ্রোতা-দর্শক পছন্দ করেছে। এটাই প্রাপ্তি। সঙ্গে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার বাড়ছে, এটিও একটি রেকর্ড। আমরা এভাবেই সামনেও চলতে চাই। সর্বোপরি আমার ঈগল টিমের প্রতিটি সদস্য’র প্রতি কৃতজ্ঞতা।