রিসেট

সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৫ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ Archive 2018Source: বগুড়া প্রতিনিধি
সাবেক যোগাযোগমন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা শেষে লাশ  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে মারা যান। জানাজায়, উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, বগুড়া পৌরমেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, এলডিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজির হোসেন প্রমুখ।
মামদুদুর রহমান চৌধুরী এরশাদ সরকারের যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।  এ ছাড়াও তিনি ত্রাণ, স্বাস্থ্য ও কৃষি প্রতিমন্ত্রীও ছিলেন। শেষ সময়ে এসে তিনি বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।
বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মামদুদুর রহমান চৌধুরী বগুড়ার ঐতিহ্যবাহী সাতআনী জমিদারবাড়ির সন্তান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলডিপি বগুড়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নাজির হোসেন, জাগপার জাতীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফার রহমান, সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইমরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদীর তুহিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।