তিশার নতুন ছবি ‘ফাগুন হাওয়া’
প্রকাশিত: ৯ মার্চ (শুক্রবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
গত বছর নির্মাতা তৌকির আহমেদের পরিচালনায় ‘হালদা’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে তার অভিনয় সকলে বেশ প্রশংসা করেন। এরপর নতুন বছরে একই নির্মাতার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করতে যাওয়া নতুন ছবিতেও তিশা থাকছেন বলে জানিয়েছেন তৌকির আহমেদ। তিনি জানান, এবারের ছবির নাম ‘ফাগুন হাওয়া’। ছবির দীপ্তি চরিত্রের জন্য অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশাকে চুড়ান্ত করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে খুলনায় ছবিটির শুটিং শুরু হবে। তবে তিশা যোগ দেবেন দুদিন পর। তিশা বলেন, এক টানা সপ্তাহ খানেকেরও বেশি সময় শুটিংয়ে অংশ নেবার কথা রয়েছে । টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় তৈরি হবে ছবিটি। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। তিশা আরো জানান, নিঃসন্দেহে তৌকির ভাই একজন ভালো নির্মাতা। তাঁর নির্মাণে কাজ করার আনন্দ আমি হালদা’র সময় টের পেয়েছি। তা ছাড়া আন্দোলন নিয়ে আমাদের দেশে খুব একটা ছবি নির্মিত হয়নি। এমন একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পারার আনন্দই অন্যরকম। ‘ফাগুন হাওয়া’ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করবেন সিয়াম। ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, আবুল হায়াত, আফরোজা বানু, নরেশ ভূঁইয়া, ফারুক আহমেদ, শহিদুল আলম সাচ্চুসহ মঞ্চের একদল অভিনয় শিল্পী।