রিসেট

ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশের হার

প্রকাশিত: ৬ মে (রবিবার), ২০১৮ Archive 2018Source: কূটনৈতিক রিপোর্টার
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হেরে গেছেন। বাংলাদেশ পেয়েছে  ৬ ভোট। প্রতিদ্বন্দ্বী কাজাখস্তান ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। গতকাল ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইড লাইনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এশিয়া গ্রুপের ১৮টি রাষ্ট্র গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দুই পক্ষ সমানে সমান ক্যাম্পেইন করেছে টানা কয়েক মাস। বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান ছাড়াও মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভোটার-রাষ্ট্রগুলোতে গিয়ে এবং ঢাকায় তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফলটি বাংলাদেশের পক্ষে যায়নি। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলেও ওআইসির নির্বাচন করেছিল বাংলাদেশ। সেই সময়ে সংস্থাটির সর্বোচ্চ মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুুরী। তার প্রার্থিতা নিয়ে দেশের ভেতরেই সমালোচনার ঝড় ওঠেছিল। ফলে সেই নির্বাচনেও বাংলাদেশ হেরেছিল।