দুইদিন পর মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লীগ। গতকাল দলবদলের শেষ দিনে বাজিমাত করে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের পাঁচ তারকা নারী ফুটবলার তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা এবং শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়রকে। এছাড়া দু’জন বিদেশি খেলোয়াড়ও নিবন্ধন করেছে দলটি। ফরাশগঞ্জের ম্যানেজার বাবুরাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলার তহুরা খাতুনও জানিয়েছেন এবার তাঁদের দেখা যাবে ফরাশগঞ্জ ক্লাবে। এছাড়া অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের থেকেও কয়েকজন ফুটবলার নিবন্ধন করেছে দলটি। চমক হিসেবে নেপাল জাতীয় নারী দলের দুই ফুটবলার- ডিফেন্ডার পূজা রানা ও মিডফিল্ডার সবিতা রানা মাগারের সঙ্গে চুক্তি পাকা করেছে পুরান ঢাকার ক্লাবটি। গোলরক্ষক হিসেবে ফরাশগঞ্জ নিয়েছে ফুটসাল দলে থাকা সেজুতিকে। ফরাশগঞ্জের কোচিং উপদেষ্টা হিসেবে থাকছেন কামাল আহমেদ বাবু। দলটি হেড কোচের দায়িত্ব দিয়েছে আবু ফয়সালকে। এরই মধ্যে তারা ৩৫ জনের স্কোয়াড তৈরি করে ফেলেছে। দল নিয়ে সন্তুষ্ট বাবুরাম বলেন, ‘আমরা যে স্কোয়াডটা করেছি তাতে সন্তুষ্ট। আশা করি এই দল নিয়ে ফাইট দিতে পারব এবং ফাইনাল খেলব।’ আগেই রাজশাহী স্টার্স দলে ভিড়িয়েছে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমকে। এরমধ্যেই ছয় লাখ টাকায় ঋতুপর্ণাকে দলে নিয়েছে তারা। এছাড়া স্বপ্না রানী, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপাকেও দলে নিয়েছে রাজশাহী। বিদেশি কোটায় দুই নেপালি দিপা শাহী ও বিকে বিমালাকে চূড়ান্ত করেছে ক্লাবটি। আরেক নতুন দল বাংলাদেশ পুলিশ চূড়ান্ত করেছে জাতীয় দলের মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকাকে। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিতে এবার বড় কোনো নাম নেই। বাংলাদেশ আর্মি, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি তাদের নিজস্ব খেলোয়াড়দের নিয়েই দল গঠন করতে যাচ্ছে। বাফুফে এবার ৩৬ খেলোয়াড়কে একটি পুলের আওতায় এনেছে। প্রতিটি ক্লাব পট-১ থেকে (১৩ জন সিনিয়র খেলোয়াড়) পাঁচজন, পট-২ থেকে (১৮ জন বয়সভিত্তিক খেলোয়াড়) পাঁচজন এবং পট-৩ থেকে একজন গোলরক্ষকে নেওয়ার সুযোগ পেয়েছে। আগেই জানাগিয়েছিল সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য লীগে খেলতে পারছেন না সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, নিলা ও মার্জিয়া। মার্চে অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের পর এপ্রিলে অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের ঘোষিত ‘মিশন অস্ট্রেলিয়া’র প্রস্তুতিটা নারী লীগ থেকে হবে তেমনটাই আশা ছিল। সেখানে সাফ ফুটসাল চ্যাম্পিয়নের কারণে এসব সিনিয়রদের লীগের বাইরে রেখে লীগটা কতটুকু জমজমাট করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। ১১ দল নিয়ে হতে চলা এবারের নারী লীগের সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।
