মেক্সিকোয় ইরানের ম্যাচ সরানোর বিষয়টি বিবেচনা করবে না ফিফা

দ্য টাইমস এর প্রতিবেদন

মেক্সিকোয় ইরানের ম্যাচ সরানোর বিষয়টি বিবেচনা করবে না ফিফা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালানোর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি চলতি বছর হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বার্তা দেন। তবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপে ইরানের ম্যাচ সরিয়ে মেক্সিকোয় আয়োজনের ব্যাপারে ফিফার সঙ্গে আলোচনা করেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। সেই আলোচনা ফলপ্রসু হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। এক প্রতিবেদননে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে না ফিফা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়নি এবং এমন পদক্ষেপ কার্যকরযোগ্য নয়। ইতিমধ্যে ভেন্যুগুলোর জন্য টিকিট বিক্রি হয়ে গেছে এবং এটি অন্যান্য অংশগ্রহণকারী দলের ওপরও প্রভাব ফেলবে।

আগামী ১১ই জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ‘জি’ গ্রুপে ইরানের তিন প্রতিদ্বন্দ্বী—বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। লস অ্যাঞ্জেলসে ১৫ ও ২১শে জুন যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। ২৬শে জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হলে ৩ জুলাই ডালাসে পরের রাউন্ডের নকআউট ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। চলতি মাসের শুরুতে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এ অনিশ্চয়তার কথা জানান। এরপর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি গত সপ্তাহে রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’ এর আগে ১১ই মার্চ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে বৈঠকে তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানকে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে। কিন্তু ইনফান্তিনোর এই প্রতিশ্রুতির দুই দিন পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’ পরে ইরান ফুটবল ফেডারেশন ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেয়। দেশটির জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘নিশ্চিতভাবে কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যারা শুধু আয়োজক নামটি বহন করে, কিন্তু এই বৈশ্বিক আসরে অংশ নেয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন