সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোন বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে। দস্যুরা মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে রেখেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। মো. কবির নামের এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে জানান। পরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের রেখে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল সানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
