মিয়ানমারে ভারতীবিরোধী উগ্রবাদীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগে ভারতে ৭ বিদেশি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ভারতের বিভিন্ন বিমানবন্দরে ৭জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন ইউক্রেনীয় এবং একজন মার্কিন নাগরিক। এদের সবাইকে এনআইএ-র হাতে তুলে দিয়েছে ইমিগ্রেশন ব্যুরো।

সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, মিয়ানমারে ভারতবিরোধী উগ্রবাদীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে,অভিযুক্ত মার্কিন নাগরিককে কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয়দের ৩ জনকে লখনউ এবং ৩ জনকে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ইউএপিএ-র ১৮ নং ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া বেআইনি অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র রাখা এবং ড্রোন প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ৭ বিদেশি বৈধ ভিসাতেই ভারতে এসেছিলেন। তবে বিনা অনুমতিতে তারা মিজোরামে গিয়েছিলেন। সেখান থেকে তারা মিয়ানমারে গিয়েছিলেন এবং ভারতবিরোধী উগ্রবাদীদের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তারা সেই সব উগ্রবাদীদের প্রশিক্ষণ দিয়েছেন। তদন্তে উঠে এসেছে, ইউরোপ থেকে একাধিক ড্রোন মিজোরামে আমদানি করেছিলেন এই বিদেশিরা।

এনআইএ অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে হামলার ছক কষছিল এই বিদেশিরা। আদালত তাদের ২৭ মার্চ পর্যন্ত ১১ দিনের জন্য এনআইএ হেফাজতে মঞ্জুর করেছে। দিল্লির এক আদালতের রুদ্ধদ্বার কক্ষে এই মামলার শুনানি হয়।

সরকার পক্ষের দাবি ছিল, কোন রুট দিয়ে তারা মিজোরাম হয়ে মিয়ানমারে গিয়েছিল, তা খুঁজে বের করতে হবে। এছাড়া এই বিদেশি নাগরিকদের অন্য আর কোনও সহযোগী রয়েছে কী না, তা খুঁজে বের করতে জেরা এবং তদন্ত প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন