পিএসএলে নাহিদ রানার দলে খেলবেন শরীফুলও

পিএসএলে নাহিদ রানার দলে খেলবেন শরীফুলও

ফন্ট সাইজ:

বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবারের আসরে চুক্তিভুক্ত হলেন শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার পেসারকে দলে ভেরানোর কথা জানায় পেশোয়ার জালমি। সেখানে আরেক টাইগার পেসার নাহিদ রানাকে সতীর্থ হিসেবে পাচ্ছেন শরিফুল।

পিএসএলে এবারই প্রথমবারের মতো অভিজ্ঞতা অর্জন করবেন ২৪ বছর বয়সী শরিফুল। তাকে স্বাগত জানিয়ে সোমবার পেশোয়ার তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, ‘ইয়েলো স্টর্ম (দলটির ডাক নাম) আরও শক্তিশালী হলো! বাংলাদেশ এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএলের) মঞ্চে রাজত্ব করে এবার পাকিস্তানের বাইশ গজ কাঁপাতে যাচ্ছেন শরিফুল। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে স্রেফ ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়া এই বোলারকে নিয়ে শুরু থেকেই আলোচনা ছিলো। নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে দল পেলেন তিনি। সব মিলিয়ে, ১৫৬ টি-টোয়েন্টিতে শরিফুলে শিকার ১৯৫ উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) ২০২৩ আসরে ১টি ও ২০২৪ আসরে ৫টি ম্যাচ খেলেন তিনি। তবে শরিফুল একাই নন, পিএসএলের একাদশ আসরে দেখা যাবে বাংলাদেশি ক্রিকেটারদের বিশাল এক বহর।

এবারের আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে, নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গত আসরে লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ার পথে ভূমিকা রাখা রিশাদ এবার নতুন দলের প্রধান অস্ত্র হতে প্রস্তুত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন