জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
সোমবার দুপুরে নাটোর জেলার বড়াইগ্রামের কুমরুল এলাকায় মির্জা মামুদ খাল খনন কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আঙুলের কালির ছাপ(ভোটের) শুকানোর আগেই প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
দুলু বলেন, খাল খনন কর্মসূচির পাশাপাশি দেশে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে। মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে। কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে, এটির মাধ্যমে তারা সুদমুক্ত ঋণ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
দেশের মানুষকে সুশাসন উপহার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দু:শাসনে ফিরে যেতে চাই না। দেশে কোনো মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না।
কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত খালের চার দশমিক ৮৫ কিলোমিটার পুন:খনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।
প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে: হুইপ দুলু
স্টাফ রিপোর্টার
বাংলারজমিন
২ মাস আগে
১৬ মার্চ (সোমবার), ২০২৬, ৮ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
