জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব পুনরায় জোর দিয়েছেন। এনএইচকে’র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কথোপকথনের সময়, কোইজুমিকে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন হেগসেথ। আশ্বাস দিয়েছেন যে ইরানের ওপর যুদ্ধ জাপানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতিতে কোনো পরিবর্তন আনবে না।
হেগসেথ আরও নিশ্চিত করেছেন যে, ওয়াশিংটন যুক্তরাষ্ট্র-জাপান জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া ক্ষমতা শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, কোইজুমি টোকিওর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। এই কথোপকথনটি আসে সেই সময় যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের, যার মধ্যে জাপানও রয়েছে, আহ্বান জানিয়েছে হরমুজ প্রণালি খোলা রাখার জন্য যুদ্ধজাহাজ পাঠাতে।
