খাল খনন কর্মসূচি ও সমন্বিত অর্থনৈতিক রূপান্তর

ফন্ট সাইজ:

বাংলাদেশ একটি নদীমাতৃক ভূখণ্ড-এ দেশের অর্থনীতি, কৃষি, বাণিজ্য ও জনজীবন ঐতিহাসিকভাবে নদী ও খালনির্ভর। এ বাস্তবতায় খাল খনন কর্মসূচি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং এটি একটি বহুমাত্রিক অর্থনৈতিক পুনর্জাগরণের কৌশল। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রবর্তিত খাল খনন কর্মসূচি ছিল দূরদর্শী পদক্ষেপ। দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যুর পর কর্মসূচিটি ধারাবাহিকতা পায়নি।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা জাতীয় উন্নয়ন কৌশলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যথাযথ পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা ও সুশাসনের সমন্বয়ে এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সাধিত হতে পারে।
কৌশলগত গুরুত্ব ও সম্ভাব্য প্রভাব: একটি আধুনিক ও টেকসই খাল পুনর্খনন কর্মসূচি নিম্নোক্ত ক্ষেত্রসমূহে গুণগত পরিবর্তন আনতে সক্ষম-
১. সমন্বিত সেচ ও কৃষি উৎপাদন বৃদ্ধি
সুনির্দিষ্ট জলব্যবস্থাপনা ও আধুনিক সেচ অবকাঠামো গড়ে তোলা গেলে কৃষি উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জলাবদ্ধতা নিরসন ও খরাপ্রবণ অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করে খাদ্যনিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।
২. অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও লজিস্টিক দক্ষতা
পণ্য ও যাত্রী পরিবহনের জন্য কার্যকর নৌ-রুট চালু করা গেলে পরিবহন ব্যয় হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং সড়কপথের ওপর চাপ কমানো সম্ভব হবে। এটি রপ্তানি সক্ষমতা ও অভ্যন্তরীণ বাণিজ্যকে গতিশীল করবে।
৩. নদী-খালভিত্তিক সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক
খাল ও নদীর উভয় তীরে সংযোগ সড়ক উন্নয়ন করলে একটি মাল্টি- মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে উঠবে, যা আঞ্চলিক অর্থনৈতিক করিডোর তৈরিতে সহায়ক হবে।
৪. মৎস্যসম্পদ উন্নয়ন ও নীল অর্থনীতি
প্রাকৃতিক জলাশয়ভিত্তিক মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক মৎস্য বন্দর স্থাপন এবং প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রপ্তানিমুখী নীল অর্থনীতি সমপ্রসারণ করা সম্ভব হবে।
৫. পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু সহনশীলতা
তীরবর্তী বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা যাবে। একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক কাঠামো গড়ে উঠবে।
৬. পর্যটন ও অবকাশ শিল্পের বিকাশ
নদী ও খালভিত্তিক পর্যটন, রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট, নৌ-ভ্রমণ ও জলক্রীড়া সুবিধা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন শিল্প সমপ্রসারিত হতে পারে।
নীতিগত কাঠামো ও বাস্তবায়ন কৌশল
একটি কার্যকর খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন-
অংশীজনভিত্তিক পরিকল্পনা প্রণয়ন
তথ্যভিত্তিক হাইড্রোলজিক্যাল সমীক্ষা
ডিজিটাল ম্যাপিং ও জিআইএস প্রযুক্তির ব্যবহার
স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক অর্থায়ন কাঠামো
ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান
সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (চচচ) কাঠামোর মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করা গেলে প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত হবে। সুষ্ঠু বাস্তবায়নের ফলে কর্মসংস্থান বৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং জাতীয় উৎপাদন (এউচ) প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব প্রত্যাশিত।
উপসংহার
খাল খনন কর্মসূচি কেবল একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়-এটি একটি সমন্বিত জাতীয় অর্থনৈতিক রূপান্তর কর্মসূচি। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অর্থনৈতিক যুক্তি, পরিবেশগত ভারসাম্য এবং সামাজিক অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমৃদ্ধির ভিত্তি স্থাপন করবে।
একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি, সরকার জাতীয় স্বার্থে এ উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের পথে অগ্রসর হবে।

লেখক: প্রাক্তন অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা, পরিবহন, অবকাঠামো ও পর্যটন বিভাগ, UNESCAP

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন