গত টানা দুইদিনের বৃষ্টিতে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি তলিয়ে গেছে। জমি থেকে তুলতে না পারায় পচে যাচ্ছে এসব আলু। অনেকে পানির নিচ থেকে আলু তোলার চেষ্টা করছেন। কেউ কেউ চড়া মূল্যে শ্রমিক নিয়ে অথবা নিজের পরিবারের সদস্যদের নিয়ে আলু তোলার ব্যর্থ চেষ্টা করছেন। বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
তালোরা বাইগুনি এলাকার অনেক কৃষক জানান, তাদের কেউ কেউ জমি থেকে এক কেজি আলুও তুলতে পারেননি। কারও কারও ১০-১৫ বিঘা কিংবা তার থেকে অনেক বেশি জমির আলু একদম পানির নিচে পচে যাচ্ছে। জমি থেকে আলু না তুলে ওই জমিতে আলুসহ-ই চাষ দিয়ে বোরো ধান লাগানোর চেষ্টা করছেন অনেকেই। কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, আকস্মিক বৃষ্টিতে ডুবে গেছে আলুর মাঠ। দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জমিতেই পচে যাচ্ছে। আলু তুলতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। এলাকার ড্রেনগুলো পরিষ্কারসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সাহায্যের আবেদন জানান স্থানীয়রা।
অধিক বৃষ্টিতে আলুর মাঠ ডুবে যাওয়ায় জেলা প্রশাসক নিজেই স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকার ড্রেনগুলো পরিষ্কারের চেষ্টা করেছেন। জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে ড্রেন পরিষ্কার করেছেন। এলাকার পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের ক্ষতি হচ্ছে। তিনি সরকারিভাবে কৃষকদের জন্য সহযোগিতার চেষ্টা করবেন বলে জানান। জয়পুরহাটে চলতি মৌসুমে ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এর মধ্যে কয়েকশ’ হেক্টর জমির আলু পানিতে ডুবে গেছে।
জয়পুরহাটে দুইদিনের বৃষ্টিতে শত শত বিঘা জমির আলু পানির নিচে
জয়পুরহাট প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
