দুই সপ্তাহেও খোঁজ মেলেনি প্রবাসী নাহিমের

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি প্রবাসী নাহিমের

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের বাসাইলে নাহিম মিয়া (২৫) নামের এক প্রবাসী যুবক ২৮শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয়। দুই সপ্তাহেও কোনো খোঁজ মেলেনি তার। প্রবাসে কাজ না পেয়ে মানসিক বিপর্যস্ত ছিলেন। দেশে ফিরে তার পিতার মৃত্যু হয়। এরপর নাহিমের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি উপজেলার হাবলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জীবনশ্বর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার তিন সন্তানের মধ্যে ছোট। এ ঘটনায় বাসাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সৌদি আরব যায় নাহিম। কয়েক মাস পরই কাজের সংকটে তার বেতনাদি বন্ধ হয়ে যায়। কাজ না থাকায় কয়েক মাস আগে দেশে চলে আসে। এর কিছুদিন পর তার পিতা আব্দুল মান্নান মিয়ার মৃত্যু হয়। প্রবাসের আর্থিক ক্ষতি এবং পিতার মৃত্যুতে সে একেবারেই নিশ্চুপ হয়ে পড়ে। কথাবার্তা বলা, খাওয়া-দাওয়া এবং মানুষের সঙ্গে মেলামেশা কম করতো নাহিম। এ অবস্থায় গত ২৮শে ফেব্রুয়ারি সন্ধ্যায় হলুদ জ্যাকেট, পেস্ট কালারের ট্রাউজার এবং লোটো’র স্যান্ডেল পায়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। আজ পর্যন্তও বাড়ি ফিরে আসেনি। তার বড়ভাই ১লা মার্চ বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে নিখোঁজ নাহিমের বড়ভাই শাহিন বলেন, প্রায় দুই সপ্তাহ হয়ে গেল আমার ভাই নিখোঁজ। আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। বাসাইল থানার এসআই মো. কামাল হোসেন বলেন, জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। নিখোঁজের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তার খোঁজ পেলে বাসাইল থানা পুলিশকে অবহিত করার জন্য বলা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন