১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকাল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ ১১ জন সিটি প্রশাসকের হাতে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক তুলে দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে ঈদ উপহারের হিসেবে চেক মেয়র-প্রশাসকদের হাতে তুলে দেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র সাহাদাত হোসেন, প্রশাসকদের মধ্যে ঢাকা দক্ষিণ আবদুস সালাম, উত্তরের শফিকুল ইসলাম মিল্টন, খুলনার নুরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাইয়ূম চৌধুরী, নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন খান, গাজীপুরের শওকত হোসেন সরকার, বরিশালের বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীর মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহের মো. রোকনুজ্জামান রোকন, রংপুরের মাহফুজ-উন নবী চৌধুরী ও কুমিল্লার মো. ইউসুফ মোল্লা উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন