এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩১শে মার্চ সিঙ্গাপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলবেন হামজা-শমিত সোমরা। এ দুই ম্যাচকে সামনে রেখে ঈদের আগেই প্রস্তুতি ক্যাম্প করবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শুরু হচ্ছে এ প্রস্তুতি ক্যাম্প। আর ক্যাম্পের জন্য গতকাল ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই স্কোয়াডে আছেন বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই শেষে জাতীয় দলে ফেরার অপেক্ষায় এই ডিফেন্ডার। সর্বশেষ ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন বিশ্বনাথ। ক্যাম্প থেকে বাদ পড়েছেন কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডারের জাতীয় দলে অভিষেক হয়। ক্যাম্পের নতুন মুখ ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। ঘরোয়া ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স করে জাতীয় দলে ক্যাম্পে ডাক পেলেন তিনি।
ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলারের মধ্যে নেই হামজা চৌধুরীর নাম। ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে ব্যস্ত থাকায় ঢাকায় আসবেন না হামজা। ১৬ থেকে ১৯শে মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০শে মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। সেখানে ২২শে মার্চ হামজা সরাসরি যোগ দেবেন। ঢাকায় শুরু হতে যাওয়া ক্যাম্পকে সামনে রেখে গতকাল বাংলাদেশে আসেন লেফটব্যাক জায়ান আহমেদ। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজির আজ ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে।
এদিকে ৩১শে মার্চ জাতীয় ফুটবল দলের হেডকাচ
হ্যাভিয়ের কাররেরার সঙ্গে বাফুফে’র চুক্তির মেয়াদ শেষ হবে। সিঙ্গাপুর ম্যাচটি বাংলাদেশের ডাগআউটে তার শেষ ম্যাচ হতে পারে। সর্বশেষ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে কাবরেরার ভবিষ্যৎ নিয়ে খুব একটা আলোচনা হয়নি। সিঙ্গাপুরের বিপক্ষে ৩১শে মার্চের ম্যাচটির ফলের ওপর অনেকটাই ক্যাবরেরার ভবিষ্যৎ নির্ভর করছে।
এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলার আশা শেষ হয়ে গেছে। বাছাইপর্বে পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের। সেটি গত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে। দুই জয় ও দুই ড্রতে সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট।
২৮ জনের ক্যাম্প
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
