ইংলিশ প্রিমিয়ার লীগের এখনো বেশ কিছুটা পথ বাকি। তবে আন্দাজ করা যাচ্ছে ঠিকই। শনিবার এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করে আর্সেনাল। রাতের পরের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানচেস্টার সিটির ১-১ গোলের ড্রয়ের খবর গানারদের জন্য সুখবরই বটে। এদিন ইতিহাসের পাতায় নিজের নাম তোলেন আর্সেনালের ১৬ বছর ৭৩ দিন বয়সী ম্যাক্স ডাউম্যান। যোগ করা সপ্তম মিনিটে গোল করে প্রিমিয়ার লীগের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এ ইংলিশ মিডফিল্ডার।
১৬ বছর ২৭০ দিনে গোল করে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন জেমস ভন। ২০০৫-এর এপ্রিলে এভারটনের হয়ে রেকর্ডটি গড়েন তিনি। আপাতত এক ম্যাচে বেশি খেলে সিটিজেনদের (৬১) চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল (৭০)। এমিরেটস স্টেডিয়ামে যখন এভারটনের রক্ষণভাগ ভাঙা একেবারেই অসম্ভব মনে হচ্ছিলো, তখন যেন জাদুর কাঠি হাতে মাঠে নামেন ডাউম্যান। ৮৯তম মিনিটে তার ক্রস থেকেই জটলার মধ্যে প্রথম গোল আদায় করেন ভিক্টর ইয়োকেরেস। ম্যাচের যোগ করা সময়ে এভারটন গোলকিপার পিকফোর্ড গোল্লপোস্ট ছেড়ে ওপরে উঠে এলে সেই সুযোগ কাজে লাগান ডাউম্যান। প্রায় পুরো মাঠ দৌড়ে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠান তিনি।
ম্যাচের পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মিকেল আর্তেতা। আর্সেনাল বস বলেন, ‘সে যখনই বল পাচ্ছিলো, ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিলো। এ বয়সে এমন চাপ আর প্রত্যাশা নিয়ে এমন পারফরম্যান্স মোটেও স্বাভাবিক নয়।’ এ জয়ে ৩১ ম্যাচে গানারদের পয়েন্ট দাঁড়ালো ৭০। এক ম্যাচ কম খেলা সিটির খাতায় ৬১ পয়েন্ট। একই রাতে, লন্ডনের অন্য প্রান্তে নিজেদের হারিয়ে খোঁজে ম্যান সিটি। ওয়েস্ট হ্যামের মাঠে ৩১তম মিনিটে বার্নার্দো সিলভার গোলে লিড নেয় সফরকারীরা। তবে মিনিট চারেকের মধ্যে মাভরোপানোসের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর জয়সূচক গোলটির দেখা পায়নি সিটি। শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় দলের স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বলেন, ‘হয়তো সুযোগ শেষ, হয়তো নয়। তবে আমরা লড়াই ছাড়বো ’ কোচ পেপ গার্দিওলার গলায় যেন আরও হতাশা ছেয়ে বসে। তিনি বলেন, ‘আমাদের আর ভুল করার কোনো সুযোগ নেই, আমরা জানি। আপনি যখন শিরোপার জন্য লড়ছেন এবং এই পর্যায়ে এসে পয়েন্ট হারান, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আমাদের হয়তো সুযোগ শেষ, আবার হয়তো নয়। তবে সত্য এটিই যে, আর্সেনাল এখন অনেকটা এগিয়ে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তবে আজকের এই ড্র আমাদের কাজটা অনেক কঠিন করে দিলো। প্রিমিয়ার লীগ নিষ্ঠুর। এখানে একবার ছন্দ হারালে ফিরে আসা কঠিন।’ রাতের আরেক ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়ে চমক উপহার দেয় নিউক্যাসেল ইউনাইটেড। অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে ব্লুরা সামনের বারের চ্যাম্পিয়নস লীগের স্বপ্ন বড় ধাক্কা খেলো।
ইতিহাসের পাতায় ডাউম্যান, শিরোপার স্বপ্নে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
