লিওনেল মেসি ও লামিন ইয়ামালের মধ্যকার আসন্ন ম্যাচটি অবশেষে বাতিলই হয়ে গেল। গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা-স্পেনের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ‘ফিনালিসিমা’ বাতিলের কথা জানায় ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (উয়েফা)। দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (কনমেবল) সঙ্গে উয়েফার ম্যাচটির সূচি নির্ধারণে বনিবনা না হওয়ায় বাতিল হলো বহুল প্রতীক্ষিত ম্যাচটি। প্রথমে ভেন্যু নিয়ে অনড় ছিল দুপক্ষ। পরে জানা গেল অন্য ঘটনা। এর সূত্রপাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি আগামী ২৭শে মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেখানে যুদ্ধাবস্থার কারণে সেই পরিকল্পনা বাতিল হয়। উয়েফা চাইছিল ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে। তবে কনমেবল তাতে ঘোর আপত্তি জানায়। তাদের মতে, স্পেনের মাটিতে খেলা মানে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেয়া। উয়েফা তাদের বিবৃতিতে পরিস্থিতির ব্যাখ্যায় লেখে, ‘সবচেয়ে ভালো বিকল্প ছিল সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মূল নির্ধারিত তারিখে ম্যাচটি আয়োজন করা, যেখানে গ্যালারিতে দুই দলের সমর্থকদের জন্য সমান সুযোগ থাকতো। তবে আর্জেন্টিনা এই প্রস্তাবে রাজি হয়নি।’ উয়েফা আরও জানায়, তারা ম্যাচটি দুই লেগে ভাগ করে অথবা ইউরোপের নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। তবে তারিখ নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানই কাল হয়ে দাঁড়ায়। উয়েফার ভাষ্যে, ‘আর্জেন্টিনা শুধুমাত্র ৩১শে মার্চ খেলার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করে, যা উয়েফার পক্ষে আয়োজন করা সম্ভব ছিল না। অন্যদিকে, আর্জেন্টিনা ম্যাচটি বিশ্বকাপের পর আয়োজনের পাল্টা প্রস্তাব দিলেও স্পেনের সূচি খালি না থাকায় তা বাতিল করতে হয়েছে।’
বাতিলই হয়ে গেল ফিনালিসিমা
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
