বাগেরহাটে গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

বাগেরহাটে গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

ফন্ট সাইজ:

বাগেরহাটে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছে শ্রমিক লীগ নেতা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার পানহাট খোলা এলাকার সামনে মোল্লাহাট চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ হোসেন (৪২) সড়কের পাশে অবস্থান করছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে সোহাগ গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শেখ সোহাগের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এর আগে, গত ৭ই মার্চ একই এলাকায় সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়। ওই সময় দুর্বৃত্তরা নুর ইসলামকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত কর্মচারী নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দুটি গুলির ঘটনায় মোল্লাহাট উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন