ফেনীর ছাগলনাইয়ায় কৃষিজমির মাটিকাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আবু আহাম্মদ হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ২ যুবক। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে গ্রামবাসীর সাত জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হোনা মিয়া ছাগলনাইয়া উপজেলার পুর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যুবদল কর্মী।
আহতরা হলেন- পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) ও নিহত হোনা মিয়ার বড় ভাই নূরুল আলম কালা (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিল না। কয়েক দিন ধরে পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত সুজনকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং নুরুল আলম কালাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
ছাগলনাইয়ায় গভীর রাতে মাটিকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
