চিলমারীতে ঝড়ের আঘাতে একজন নিহত হয়েছে। এছাড়াও একজন নিখোঁজ রয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি, শিলা বৃষ্টি ও ঝড় হয়। ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ফসলের ক্ষেত ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়, নদীতে থাকা নৌকা ঝড়ে দুমড়ে মুচড়ে যায়। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ভুট্টাক্ষেতের ক্ষতিসহ বেশকিছু বাড়িঘরের ক্ষতি হয়। জানা গেছে, গাজিরপাড়া নৌকা ঘাট এলাকায় দুর্ঘটনায় শাহাবুদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৫০) নিহত হন। এছাড়া এছাহকের ছেলে ফরিদ উদ্দিন নিখোঁজ হয়। রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু ও ফরিদ গাজিরপাড়া ঘাটে নৌকা বাঁধতে যান। এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির মধ্যে তারা দুর্ঘটনায় পড়ে। ঝড়ের তীব্রতায় ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় মিন্টু গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে। পরে তিনি মারা যান। অন্যদিকে ফরিদ নদীতে নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য রোববার সকাল থেকে স্থানীয় লোকজন নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে রোববার দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে। এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি।
চিলমারীতে ঝড়ের আঘাতে নিহত ১, নিখোঁজ ১
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
