গুলেরের ‘গোলায়’ বার্নাব্যুতে নতুন ইতিহাস

গুলেরের ‘গোলায়’ বার্নাব্যুতে নতুন ইতিহাস

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে বড় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে আলোচনায় আর্দা গুলেরের ৬৮ মিটার দূর থেকে করা এক গোল।
লা লিগার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল এখন এটি। ২০০৪-এ নুমানসিয়ার হয়ে আন্তোনিও জোসে সেভিয়ার বিপক্ষে একই দূরত্ব থেকে গোল করেন। এছাড়া, ১৯৯৫-এর পর অল হোয়াইটদের কেউ এই প্রথম নিজেদের অর্ধ থেকে লীগে গোল পেলেন। ৮৯তম মিনিটে করা গুলেরের গোলের আগে এলচের জাল কাঁপান যথাক্রমে অ্যান্টনিও রুডিগার, ফেদেরিকো ভালভার্দে ও ডিন হাউসেন। এলচের গোলটিও রিয়ালের আত্মঘাতী। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় ২১ বছর বয়সী গুলেরের গোলটি।
এলচে গোলকিউপার মাতিয়াস দিতুরো তখন পোস্ট ছেড়ে কিছুটা সামনে এগিয়ে ছিলেন। দূর থেকে তাকে লক্ষ্য করেই অসাধ্য সাধন করেন গুলের। ৬৮ মিটার দূর থেকে নেয়া শটটি যখন জালের ঠিক ওপরের কোণা দিয়ে ভেতরে ঢুকছিলো, তখন উল্লাসে বার্নাব্যুর গ্যালারি ভেঙে পড়ার মতো অবস্থা! যেনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কোচ আলভারো আরবেলোয়াও। মাথায় হাত দিয়ে রিয়াল বস তাকিয়ে ছিলেন অবিশ্বাসের দৃষ্টিতে।
গুলেরের এই অবিশ্বাস্য নৈপুণ্য নিয়ে ফুটবল বিশ্বে প্রশংসার জোয়ার বইছে। ম্যাচের পর তার রিয়াল সতীর্থ ব্রাহিম দিয়াজ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আগের এক ম্যাচেও ও ঠিক একই জায়গা থেকে শট নিয়ে বারে লাগায়। আজ ও সেটি (গোল) করে দেখালো। গোলটি দেখার পর আমরা ড্রেসিংরুমে সবাই স্তব্ধ হয়ে যাই!’ কিংবদন্তিরাও যোগ দিয়েছেন গুলের বন্দনায়। জনপ্রিয় ফুটবল পণ্ডিত ও ইংলিশ কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়ারার তো বর্ষসেরা গোলের অ্যাওয়ার্ড এখনই রিয়াল তারকার হাতে তুলে দেয়ার কথা বললেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এই গোলটি কেবল আত্মবিশ্বাস নয়, স্রেফ অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয়। ২০২৬ -এর পুসকাস অ্যাওয়ার্ড এখনই গুলেরের হাতে তুলে দেয়া উচিত।’ জনপ্রিয় ব্রিটিশ ধারাভাষ্যকার পিটার ড্রুরি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘বার্নাব্যুর আকাশে এক তুর্কি নক্ষত্রের উদয় হলো, যে কি না দূরত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিতে জানে!’ কোচ আরবেলোয়ার মতে, ‘শুধু এই একটি গোল দেখার জন্যই চড়া দামে টিকিট কেটে (দর্শকদের) মাঠে আসা সার্থক।’
সামনেই চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মাঠে রিয়ালের অগ্নিপরীক্ষা।
তার আগে গুলেরের এই অতিমানবিক ফর্ম মাদ্রিদিস্তাদের নতুন করে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন