ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিয়োগকৃত প্রশাসক রোকনুজ্জামান সরকার এক অডিও বার্তায় বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার তিনটি গুরুত্বপূর্ণ কাজ হবে- যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। যানজটের ক্ষেত্রে তিনি বলেন, পরিবহন চালকরা অসচেতন, যাত্রীরাও দায়িত্বশীল নয়। শনিবার রোকনুজ্জামান সরকারকে মসিকের প্রশাসক দায়িত্ব দেয়ায় নগর জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যায়, রোকনুজ্জামান রোকন এক সময় ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ময়মনসিংহ দক্ষিণ জেলার যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়। দলীয় নেতাকর্মীদের দাবি, প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতিতে সক্রিয় থেকেছেন। কঠিন সময়ে মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। এ কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে ‘রোকন’ নামেই অধিক পরিচিতি লাভ করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দলের যেকোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নেতাকর্মীদের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন।
এদিকে তাকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যা বইছে। বিশেষ করে ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এ ছাড়াও বিভিন্ন্ সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। এদিকে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নিয়োগকৃত প্রশাসক রোকনুজ্জামান সরকার দায়িত্ব গ্রহণ করবেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তাকে শুভেচ্ছা জানাবেন।
মসিকের নতুন প্রশাসক রোকনুজ্জামান প্রথমেই করবেন ৩টি কাজ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
