ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৭ বাংলাদেশি নারী-পুরুষ। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। গত শনিবার রাত ৯টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসারা হলেন- জেসমিন আক্তার, রূপা ইসলাম, আরমান হোসেন, জিতেন্দ্র বড়াই, আব্দুল্লাহ আলী, রাজু হালদার ও আবু তাহের। তারা- যশোর, বরিশাল, পটুয়াখালী, পঞ্চগড়, গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিদেশে যাওয়ার আশায় আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার তারা দেশে ফিরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামের দুটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
