আবারও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ দেহ ভেসে উঠেছে ফেনী শহরের রাজাঝির দিঘিতে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশে পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জানা গেছে, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর রাতে দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তিন মাস পার হলেও এখনো উদঘাটিত হয়নি মৃত্যুর রহস্য।
ফেনীর রাজাঝির দিঘিতে ফের ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ফেনী প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
