সংবাদ প্রকাশের জের

গৌরীপুরে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা যায়, গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের বর্তমান সভাপতি এবং জাতীয় দৈনিক আলোকিত সকাল-এর ময়মনসিংহ উত্তরাঞ্চল প্রতিনিধি মো. শাহজাহান কবির গত ৫ মার্চ “গৌরীপুরে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর ও চাঁদা দাবি করেন ডাক্তার আমান ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন।
জানা যায়, গত ২ মার্চ ব্যবসায়ী সেলিম মিয়াকে ডেকে নিয়ে মারধর করেন এবং ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করে নেন ডাক্তার আমান। উক্ত ঘটনায় বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন সেলিম মিয়া। অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি পত্রিকায় নিউজ হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সংবাদটি প্রকাশের পর গত ৮ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে গৌরীপুর উপজেলার জনতা ব্যাংকের সামনে ১নং বিবাদী শাহিন মুন্সী (৪৫), ২ নং বিবাদী আমান উল্লাহ বাদীকে ঘিরে ধরে। এ সময় তারা সংবাদটি কেন প্রকাশ করা হয়েছে তা জানতে চেয়ে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে বিবাদী ও আরো কয়েকজন তাকে শারীরিকভাবে মারধর করে। এতে তিনি আহত হন এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় এবং আরো যে সকল সাংবাদিক নিউজ করেছে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. শাহজাহান কবির বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করে সত্য সংবাদ প্রকাশ করেছি। কিন্তু সংবাদ প্রকাশের জেরে আমাকে মারধর করা হয়েছে এবং বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ এবং গত ০৯ মার্চ সকল সদস্যদের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে থানায় অভিযোগের কথা উল্লেখ করা হয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, সাংবাদিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন