জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে ছেলের হামলায় বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে মা ও বোন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার বফলগাড়ি গ্রামের বাসিন্দা। আহত স্ত্রী আবেদা বিবি ও মেয়ে সাবানা বেগম। ছেলে গোলাপ হোসেনকে (৩২) আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
জানা গেছে, গোলাপ কয়েকদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেয়ার দাবি জানিয়ে আসছিল। কিন্তু আক্কাস এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন ইফতারের আগে এ বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গোলাপ ক্ষিপ্ত হয়ে প্রথমে বাঁশের গোড়ালি দিয়ে বাবাকে মারধর করেন। পরে দা ও ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এসময় তাকে বাঁচাতে যান আবেদা ও সাবানা। কিন্তু গোলাপ তাদের উপরও হামলা চালায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে গোলাপকে আটক করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার পথে বগুড়ার মোকামতলা এলাকায় বাবা আক্কাস আলী মারা যান। আহত মা ও বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাকে আগে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ফিরে কিছুদিন স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক সময়ে আবার তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। এলাকার অনেকেই তাকে ‘পাগল গোলাপ’ নামে চিনতেন। প্রতিবেশী বাবলু হোসেন জানান, গোলাপের মানসিক সমস্যা দীর্ঘদিনের। কিছুদিন আগে তার বাবা কয়েক শতক জমি বিক্রি করেন। সেই টাকা দেখে গোলাপ একটি মোটরসাইকেল কেনার জন্য জোরাজুরি শুরু করে। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের থেকে গোলাপকে উদ্ধার করে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালাইয়ে মোটরসাইকেল কেনা নিয়ে ছেলের হাতে বাবা খুন, মা-বোন আহত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
