আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ আসামির মৃত্যুদণ্ডের ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রোববার ট্রাইব্যুনাল-২ এই রায় প্রকাশ করেছেন।
ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানিয়েছেন, কয়েকজন পুলিশ সদস্যদের বিরুদ্ধে লাশ পোড়ানোর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আনতে পারেনি প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আরও বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো গুরুতর হলেও তাদের মাত্রা যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সাজা কমেছে অনেকের। তাদের দায় এসেছে মুলত ঊধ্বর্তন কর্তৃপক্ষের দায়ে অপারেশন পরিচালনায় সহায়তা।
পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, যদিও অপরাধগুলো অত্যন্ত গুরুতর প্রকৃতির, ট্রাইব্যুনালকে দায়িত্বের বিভিন্ন মাত্রা আলাদা করে বিবেচনা করতে হবে। প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় না যে অভিযুক্ত নং ২, ৩, ৪, ৫, ৭, ৮ এবং ৯ এই অপরাধমূলক কর্মকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বা চূড়ান্ত রাজনৈতিক উৎস ছিলেন। তাদের অপরাধমূলক দায়িত্ব উদ্ভূত হয়েছে কমান্ড দায়িত্ব, কার্যক্রম পরিচালনায় সহায়তা, সচেতন অবহেলা এবং ক্ষমতার শৃঙ্খলের মধ্যে জেনে-শুনে অংশগ্রহণের মাধ্যমে।
ট্রাইব্যুনাল এমন কোনো লঘুকরণমূলক পরিস্থিতি খুঁজে পায়নি যা দায়িত্বের মাত্রাকে মৃত্যুদণ্ডের নিচের সর্বোচ্চ সীমার চেয়ে কমিয়ে দিতে যথেষ্ট। তবে একই সাথে, শাস্তির ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে প্রধান প্ররোচনাকারী এবং অধস্তন বা তদারকি ভূমিকার অবদানকারীদের মধ্যে পার্থক্য করা প্রয়োজন।
এর আগে গেলো ৫ই ফেব্রুয়ারি এ মামলায় সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হও। আজ যার বিস্তারিত পাওয়া গেলো।
এই মামলার মোট আসামি মোট ১৬ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আটজন। তারা হলেন আবদুল্লাহিল কাফী (যাবজ্জীবন), শহিদুল ইসলাম (যাবজ্জীবন), আরাফাত হোসেন (যাবজ্জীবন), আবদুল মালেক (মৃত্যুদণ্ড), আরাফাত উদ্দীন (৭ বছরের কারাদণ্ড), কামরুল হাসান (৭ বছরের কারাদণ্ড), শেখ আবজালুল হক (ক্ষমা) ও মুকুল চোকদার (মৃত্যুদণ্ড)।
পলাতক আট আসামি হলেন সাইফুল ইসলাম (মৃত্যুদণ্ড), সৈয়দ নুরুল ইসলাম (যাবজ্জীবন), আসাদুজ্জামান রিপন (যাবজ্জীবন), এ এফ এম সায়েদ (মৃত্যুদণ্ড), মাসুদুর রহমান (যাবজ্জীবন), নির্মল কুমার দাস (যাবজ্জীবন), বিশ্বজিৎ সাহা (মৃত্যুদণ্ড) ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া (মৃত্যুদণ্ড)।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেয়া হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, তাকেও পুড়িয়ে দেয়া হয়েছিল। সেদিন যারা নিহত হয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন প্রমুখ।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে এটি প্রথম রায় হলো। অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দুটি মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর মধ্যে একটি মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দেয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।
গত ২৬ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অন্য পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সাক্ষরের পর এ রায় প্রকাশ করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে। তিনি এই মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়েছিলেন।
