প্রসিকিউটরদের ঘুষের অডিও ফাঁস

দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

ফন্ট সাইজ:

প্রসিকিউটরদের অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে। বৈঠকের পূর্বে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মানবজমিনকে বলেন, ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেয়া হবে না। এই বিচারের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় এবং যে পদক্ষেপ প্রয়োজন, সবই নেয়া হবে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এসব কথা জানান। তবে, কমিটির একজন সদস্য ইতিকাফে বসায় ৪ সদস্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্কের জন্ম দিতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা হবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে যেন ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে চেষ্টা করা হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান- এই লক্ষ্য থেকেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, গত ১০ই মার্চ চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই তথ্য উদঘাটন করবে এ কমিটি। তবে সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়া ও রাজসাক্ষী করা নিয়ে লেনদেনের অভিযোগের ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন