মস্তিষ্কের অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বিকালে বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একথা জানান। তিনি বলেন, সকালে উনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে, এর রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।
মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ থাকছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
গত শুক্রবার মেডিকেল বোর্ডের বৈঠকে মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। বিকাল ৩টায় এই অস্ত্রোপচার শুরু হয়ে ৭টায় শেষ হয়। পরে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।
