বার্সেলোনায় কি তবে ‘মেসি-যুগ’ ফুরিয়ে এলো!

বার্সেলোনায় কি তবে ‘মেসি-যুগ’ ফুরিয়ে এলো!

ফন্ট সাইজ:

বার্সেলোনা ও লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তবে সময়ের আবর্তে সেই বহুল আলোচিত অধ্যায় এখন শুধুই ধূসর স্মৃতি। সম্প্রতি কাতালান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার মন্তব্যে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। খোদ সভাপতির মুখ থেকেই শোনা গেল, সমর্থকরা এখন আর মেসিকে নিয়ে ভাবতে চায় না। বরং বর্তমানের নতুন তারকাদের নিয়ে বুঁদ হয়ে থাকাটাই তাদের বেশি পছন্দের।

ঘটনার সূত্রপাত সাবেক কোচ ও খেলোয়াড় জাভি হার্নান্দেজের একটি মন্তব্যকে ধরে। জাভি দাবি করেন, কয়েক বছর আগে মেসির ক্যাম্প ন্যুতে ফেরা প্রায় নিশ্চিত ছিল। তবে ‘ব্যক্তিগত ক্ষমতা’ টিকিয়ে রাখতে সে পথে বাধা হয়ে দাঁড়ান খোদ লাপোর্তাই। এই বিতর্ক যখন তুঙ্গে, তখন বিষয়টিকে স্রেফ ‘নাটক’ বলে উড়িয়ে দিতে চাচ্ছেন লাপোর্তা। তবে তার পরবর্তী কথা মেসি ভক্তদের হতাশ হওয়ার কথা। বার্সা সভাপতি স্পষ্ট করে জানান, আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে এখন আর বার্সা সমর্থকদের আগ্রহ নেই। তিনি বলেন, ‘বার্সেলোনা সমর্থকরা বর্তমানে লামিন ইয়ামাল, (পাউ) কুবারসি এবং (হান্সি) ফ্লিককে নিয়ে কথা বলতে চায়... মেসিকে নিয়ে নয়।’ লাপোর্তা নিজে অবশ্য মেসির প্রতি সম্মান দেখাতে কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘মেসির প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ক্যাম্প ন্যুর সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে (হোয়ান) ক্রুইফের পাশেই তার একটি মূর্তি বসানো উচিত।’
এদিকে সম্প্রতি জাভির মন্তব্য ধরে মেসিকে ‘হাটে হাঁড়ি ভাঙার’ পরামর্শ দেন বার্সার সভাপতি পদে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্ত। মেসি যে তখন লাপোর্তার জন্যই কাতালান ক্লাবটিতে ফিরতে পারেননি, সেটি জনসম্মুখে প্রকাশ করতে বলেন তিনি। সেই মন্তব্যেকে ইঙ্গিত করে লাপোর্তা বলেন, ‘তার (মেসির) নাম কারো ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করা ঠিক নয়।’
এদিকে, বরাবরের মতো সমস্ত রকমের নাটক থেকে নিজেকে দূরে রাখছেন মেসি। এখন পর্যন্ত প্রতক্ষ্য বা পরোক্ষাভাবে এ বিষয়ে কিছুই বলেননি তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের (এমএলএস) নতুন মৌসুম নিয়ে ব্যস্ত ইন্টার মায়ামি অধিনায়ক। আগামীকাল ভোরে শার্লটের বিপক্ষে ম্যাচে এক গোল করলেই ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন