গণতন্ত্র সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে: তথ্যমন্ত্রী

গণতন্ত্র সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে: তথ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র ছাড়া আধুনিক রাষ্ট্র হয় না এবং যে দেশে গণতন্ত্র নেই সেই দেশ অন্ধকারে নিমজ্জিত থাকে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র মূলত সচল ও কার্যকর থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে। তাই বর্তমান সরকারের প্রধান কাজ হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী তার বক্তব্যে জবাবদিহিতার সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে জবাবদিহিতা ছিল না বলেই দেশে স্বৈরাচার সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার জবাবদিহিতার সংস্কৃতিকে এমনভাবে দৃঢ় করতে চায় যাতে দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক পেশা। এই পেশায় কেউ বিত্তবান হতে পারে না। তবে দেশ গড়ার কাজে তাদের মেধার বিকল্প নেই। আমরা এই পেশার মানুষদের সম্মানের সাথে রাখতে চাই এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে। সিটিজেন সাংবাদিকতার বর্তমান যুগে মূলধারার গণমাধ্যমকে টিকিয়ে রাখতে ইকো সিস্টেমের সাথে তাল মিলিয়ে পুরো মাধ্যমটিকে ঢেলে সাজানোর পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জহির উদ্দিন স্বপন ঘোষণা দেন, বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের কেন্দ্র দ্রুত চালু করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিজে গ্রহণ করেন।
তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের কল্যাণে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের দেয়া এই সহায়তাকে কোনো দয়া বা অনুদান নয় বরং গণমাধ্যমকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সাংবাদিকতা পেশা কখনো মাথা নত না করার পেশা এবং সাংবাদিকদের কোনো অপশক্তির কাছে আপস করা উচিত নয়। তিনি এই অনুদান ও শিক্ষাবৃত্তিকে সাংবাদিকদের অধিকার হিসেবে গণ্য করার আহ্বান জানান। এর আগে অনুষ্ঠানে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বগুড়ায় বিটিভি ও বেতারের কার্যক্রম চালুসহ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) একটি উত্তরাঞ্চলীয় কার্যালয় স্থাপনের দাবি জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক অর্থ ও প্রশাসন এবিএম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার মোট ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন