ঈদযাত্রাকে সামনে রেখে গণপরিবহনের জন্য আগামী রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ফলে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে গণপরিবহনে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার ঈদযাত্রার প্রথমদিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই। ঈদযাত্রায় মাত্র দুই থেকে তিনদিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার দিকেও সরকার কাজ করছে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল নিয়ে মন্ত্রী বলেন, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী দু’দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
ঈদযাত্রা নিয়ে সড়কমন্ত্রী
রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন ভাড়া বাড়ার আশঙ্কা নেই
স্টাফ রিপোর্টার
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
