সিলেটের উন্নয়ন নিয়ে যে বার্তা হুমায়ুন কবিরের

সিলেটের উন্নয়ন নিয়ে যে বার্তা হুমায়ুন কবিরের

ফন্ট সাইজ:

গত ১৭ বছরে সিলেটে উন্নয়ন নিয়ে ক্ষোভ আছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের। এই সময়ের মধ্যে সিলেট অঞ্চলে তেমন উন্নয়ন হয়নি বলে দাবি তার। এজন্য বর্তমান সরকারের সময় সিলেট অঞ্চলে উন্নয়নের কোনো কমতি থাকবে না বলে জানিয়ে দিলেন তিনি। গতকাল সিলেট সফরে আসেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রথমে সিলেট সার্কিট হাউজে তিনি সিলেট বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় হুমায়ুন কবির বলেন- আমরা তো আছি। সিলেটের উন্নয়নে কোনো কমতি থাকবে না। বঞ্চনার শিকার সিলেটে উন্নয়ন ঘটাতে আমরা সবাই মিলে কাজ করবো। তিনি বলেন- মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যখন বলবেন সিলেটে এটা করা যাবে না, ওটা হবে না, তখন আমার প্রশ্ন- কেন হবে না। আপনি করতে পারবেন না। যে করতে পারবেন তাকেই প্রয়োজন। তাকে নিয়ে আসবো। সুতরাং সিলেটের উন্নয়ন হতেই হবে। ঢাকা-সিলেট মহাসড়কের কথা উল্লেখ করে তিনি বলেন- সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ করে গিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর আমরা তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকায় যেতে পারতাম। কিন্তু দিনে দিনে পরিস্থিতি কঠিন হয়েছে। এখন ঢাকায় যেতে ১০ ঘণ্টা লাগে। আমরা এটি নজরে নিয়েছে। ঈদের পর এ নিয়ে বসবো। কীভাবে দ্রুত এ রুটের কাজ শেষ করা যায় সে ব্যাপারে তাগিদ দেয়া হবে। সিলেট-ঢাকা রেলপথ নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে। এ ব্যাপারে রেল মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন- কিছুদিনের মধ্যে ঢাকা-সিলেট রেলপথের বিষয়টিও আপনাদের সামনে আসবে। সিলেটের ওই বৈঠকে প্রতিমন্ত্রীর মর্যাদার পররাষ্ট্র উপদেষ্টা বলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আমরা বলবো। ওই বিমানবন্দরে যাতে প্রবাসীদের জন্য সকল সুযোগ-সুবিধা বাড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করবো। আমাদের হাতে সুযোগ এসেছে, সব সুযোগ যাতে সিলেটের মানুষের স্বার্থে কাজে লাগানো যায় সে বিষয়ে কাজ করবো। এদিকে- সিলেটের বৈঠক শেষ হওয়ার পর বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন- বিশ্বনাথের জন্য আমি আছি। বিশ্বনাথ ও ওসমানীনগর আমার কাছে কোনো পার্থক্য নেই। আমি বলেছি সব সময়। যদি ওসমানীনগরে তিনটি স্কুল বানাই, চারটি স্কুল বানানো হবে বিশ্বনাথে। ওসমানীনগরে রাস্তা যদি দুইটি করি, চেষ্টা করবো ওসমানীনগরে তিনটি করার জন্য। উন্নয়নের কোনো কমতি হবে না। তিনি বলেন- বিশ্বনাথে আজ ইলিয়াস আলী নেই। সুহেল আহমদ চৌধুরী নেই। মনে করবেন না বিশ্বনাথের মানুষ এতিম হয়ে গেছে। বিশ্বনাথের জন্য আমি আছি। কোনো ডর, ভয় নেই। বিশ্বনাথের মানুষের কীসের ডর, ভয়। আমি তো আছি। আর আপনারা আছেন আমার সঙ্গে। আমারও ভয় নেই। বিশ্বনাথ ও ওসমানীনগরে কীভাবে উন্নয়ন ঘটাতে হয় সে বিষয়টি দেখবো। রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটানোর তাগিদ দিয়ে তিনি বলেন- এখন এ দুই উপজেলায় দলের মধ্যে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। আমরা কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই দেবো না। যারা মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে চিন্তা করবে তাদের নিয়ে কাজ করা হবে বলে জানান হুমায়ূন কবির। এদিকে- বৈঠকে আরও বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন