কোটি টাকার চুক্তিতে ইতিহাস গড়ে বার্মিংহ্যামে মোস্তাফিজ

দ্য হান্ড্রেড

কোটি টাকার চুক্তিতে ইতিহাস গড়ে বার্মিংহ্যামে মোস্তাফিজ

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের অভিজাত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নাম লিখিয়ে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ বলের সংক্ষিপ্ত ঘরানার ক্রিকেটে দল পেলেন তিনি। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ধাপে ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকা) কাটার মাস্টারকে দলে ভেড়ায় বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামে মোস্তাফিজ ছাড়া টাইগার ক্রিকেটারদের মধ্যে ছিলেন শুধু রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার ওয়ানে থাকা এ বাংলাদেশি অলরাউন্ডার দল পাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), পাকিস্তান সুপার লীগ (পিএসএল), ইন্টারন্যাশনাল লীগ (আইএল) টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) পর এবার মোস্তাফিজের ঝুলিতে যোগ হলো এই ইংলিশ টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত টুর্নামেন্ট। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড। সেই দামেই তাকে লুফে নেয় বার্মিংহ্যাম। টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনও আলোচনায় ছিলেন। তবে ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের অস্ট্রেলিয়ান জনপ্রিয় বিগ ব্যাশ লীগে মাতানো এই ক্রিকেটারকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে ৩০ বছর বয়সী মোস্তাফিজের। বাঁহাতি পেসারের জন্য বার্মিংহ্যাম ছাড়া অন্য কোনো দল বিড করেনি। তাই সহজেই টাইগার পেসারকে পেয়ে যায় তারা। নতুন ঠিকানায় সতীর্থ হিসেবে একঝাঁক তারকাকে পাচ্ছেন মোস্তাফিজ। সরাসরি চুক্তিতে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে আসা ইংলিশ তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল থাকছেন বার্মিংহ্যামের প্রধান আকর্ষণ হিসেবে। এ ছাড়া থাকছেন ইংল্যান্ডের লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড), পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড) এবং দক্ষিণ আফ্রিকার আগ্রাসী স্পিনিং অলরাউন্ডার ডনোভান ফেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড)। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএলে) গত আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলা পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকেও (৭০ হাজার পাউন্ড) সতীর্থ হিসেবে পাচ্ছেন ‘দ্য ফিজ’।
দ্য হান্ড্রেডের এবারের আসর হবে আগামী ২১শে জুলাই থেকে ১৬ই আগস্ট পর্যন্ত। ওই সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক সূচি নেই। তাই মোস্তাফিজের অনাপত্তিপত্র (এনওসি) পেতে কোনো বাধা নেই বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত রয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেটের মালিক মোস্তাফিজ।
বার্মিংহ্যাম ফিনিক্স স্কোয়াড
জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, মোস্তাফিজুর রহমান, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কুরি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন