বিপদ বাড়ছে ম্যান সিটির

বিপদ বাড়ছে ম্যান সিটির

ফন্ট সাইজ:

চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপদ আরও বাড়ছে। ৩-০ গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পেকেও মোকাবিলা করতে হবে সিটিজেনদের। অল হোয়াইটদের কোচ আলভারো আরবেলোয়া আশা করছেন, দলের ফরাসি মহাতারকা আগামী সপ্তাহে ইত্তিহাদ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। সান্তিয়াগো বার্নাব্যুতে গত বুধবার প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে সিটিকে এক প্রকার ধসিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বিরতির আগেই জয়ের সুবাস পায় প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। তবে সেই জয়োল্লাসের মধ্যে কিছুটা আক্ষেপ ছিল। কেননা, হাঁটুর চোটের কারণে ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করতে হয় এমবাপ্পেকে। দলের উরুগুইয়ান অধিনায়কের হ্যাটট্রিকে রিয়াল বড় জয় পেলেও, ফিরতি লেগে এমবাপ্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
তাই তো স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে এমবাপ্পেসংক্রান্ত প্রশ্ন। এ প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘এমবাপ্পে প্রতিদিন উন্নতি করছে। তার সুস্থতার প্রক্রিয়া সঠিক পথেই আছে। আগামীকাল (আজ) সে খেলতে পারবে না ঠিকই, তবে আমি আশা করছি সে দলের সঙ্গে ম্যানচেস্টার সফরে থাকবে।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করে দলের শীর্ষ গোলদাতা ২৭ বছর বয়সী এমবাপ্পে। তবে গত ডিসেম্বরের হাঁটুর চোটের কারণে চ্যাম্পিয়নস লীগের লীগ পর্বের সিটিজেনদের বিপক্ষে ম্যাচ এবং বেনফিকার সঙ্গে প্লে-অফসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। সামনেই সিটির বিপক্ষে দ্বিতীয় লেগ এবং ২২শে মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লীগ ডার্বি। এমন গুরুত্বপূর্ণ সূচির আগে এমবাপ্পের ফেরা রিয়ালের জন্য বড় সুসংবাদ। সংবাদ সম্মেলনে গোলকিপার থিবো কোর্তোয়ারও ভূয়সী প্রশংসা করেন আরবেলোয়া। প্রথম লেগে ম্যানসিটির নিশ্চিত গোল রুখে দিয়ে বড় জয় নিশ্চিত করা বেলজিয়ান শিষ্যকে নিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বের অনেক কিংবদন্তি কিপারের সঙ্গে খেলেছি। তবে কোর্তোয়া যা করে দেখাচ্ছে, তা অতুলনীয়। আমার মতে, সে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা কিপার’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন