জাতীয় দলের সিরিজের মাঝে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) কোচিং করানোর জন্য দুই সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরামকে অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড। এই পেশায় অভিজ্ঞতা অর্জনের জন্য তাদেরকে সুযোগটি দেয়ার কথা বলেছেন কিউইদের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডাল।
আগামী ১৫ থেকে ২৫শে মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পরের মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে কিউইদের। এই সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। পিএসএল শুরু হবে আগামী ২৬শে মার্চ। আসরের পর্দা নামবে ৩রা মে।
নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ রনকিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। এই দলের হয়ে টুর্নামেন্টের তিনটি আসরে খেলেছিলেন সাবেক কিউই কিপার-ব্যাটসম্যান। আর কিউইদের বোলিং কোচ ওরামকেও কোচিং প্যানেলে যোগ করেছে ইসলামাবাদ ইউনাইটেড। নিউজিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডারকে রনকির সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যান্ডাল বলেন, ‘এটা লুক ও জ্যাকের জন্য কোচিং অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ড ক্রিকেটের বাইরে তাদের দক্ষতা আরও বাড়ানোর দারুণ একটি সুযোগ। আমাদের ক্রিকেটারদের মতোই বিশ্বজুড়ে আমাদের কোচদেরও এখন চাহিদা রয়েছে। আমরা বিশ্বাস করি, পিএসএলে কাজ করার সুবাদে লুক ও জ্যাক কেবল ব্যক্তিগতভাবেই উপকৃত হবে না, তারা এমন কিছু জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ফিরবে, যা ভবিষ্যতে ব্ল্যাক ক্যাপস ও নিউজিল্যান্ড ক্রিকেটে সহায়তা করতে পারে।’
রনকি ও ওরামের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারী হিসেবে কাজ করবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট-গ্রাহাম ও এনজেডসি নেটওয়ার্ক কোচ গ্রায়েম অলড্রিজ। আর বাংলাদেশ সফরে থাকবেন ক্যান্টারবুরির ব্রেন্ডন ডনকার্স।
দুই কোচকে পাকিস্তান পাঠিয়ে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
