অনতিবিলম্বে প্রেসিডেন্ট সাহাবুদ্দিনকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি বলেন, সরকার একদিকে নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড দিচ্ছে অন্যদিকে দলীয় সন্ত্রাসীরা নারীর প্রতি সহিংসতা চালাচ্ছে।
শুক্রবার রাজধানীর হাজারীবাগ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে দরিদ্র-অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সারা দেশে সরকারদলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী-চাঁদাবাজি বেড়ে গেছে। নারী ও শিশুকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করা হচ্ছে। প্রধানমন্ত্রী একদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করছেন অপরদিকে তার দলীয় সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করে একেকটা পরিবারকে নিঃশেষ করে দিচ্ছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াত দায়িত্বশীল সংগঠন হিসেবে জনগণের কল্যাণে নিবেদিত ছিল, আছে এবং থাকবে। জামায়াত সরকারকে দেশ ও জাতির স্বার্থে সহযোগিতা করবে। তবে দেশ ও জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরিচালিত গণহত্যায় নীরব সমর্থন দিয়েছে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন। চব্বিশের ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার-হাজার ছাত্র-জনতাকে শহীদ করার পরও প্রেসিডেন্ট নীরব ভূমিকা পালন করেছেন। তিনি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেননি। বরং তিনি আওয়ামী লীগের গণহত্যাকে সমর্থন দিয়ে গেছেন। জুলাই গণহত্যার দায় প্রেসিডেন্ট কোনোভাবেই এড়াতে পারবেন না।
মাসুদ বলেন, জুলাই আন্দোলন ছিল কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের এক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। ঐ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছাত্রদের আহত-নিহত করে। ফলে ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে পড়ে। ছাত্রদের রক্তে ফুঁসে উঠে পুরো দেশবাসী। ছাত্রদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় দেশের কৃষক, শ্রমিক, ঠেলা-ভ্যান ও রিকশা চালকসহ সব পেশাজীবী মানুষ। ওই আন্দোলনে সংহতি প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যায়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর প্রেসিডেন্ট সাহাবুদ্দিন স্বপদে বহাল থাকেন। নির্বাচিত সংসদ প্রেসিডেন্টকে অপসারণ করার ক্ষমতা থাকলেও সরকারি দলের সদিচ্ছা না থাকায় প্রেসিডেন্ট বহাল তবিয়তে রয়েছেন। অনতিবিলম্বে প্রেসিডেন্টকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়নে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান মাসুদের
স্টাফ রিপোর্টার
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
