শিল্পকারখানাসহ সব ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল।
অনুষ্ঠানে আবু আশফাক বলেন, ফায়ার সার্ভিস খাতকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হবে। যাতে করে প্রতিটি প্রতিষ্ঠানেই বাধ্যতামূলকভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনে মন্ত্রীরা অফিসে যাওয়ার আধা ঘণ্টা আগেই স্টাফদের ফোনে বলে দিতেন, আসছি। রুমে লাইট জ্বালিয়ে দাও। এসি ছেড়ে দাও। এতে দেশের কতো বড় ক্ষতি হচ্ছে তা কখনো তারা চিন্তা করেনি। এখন দেশকে উন্নত করতে হলে অপচয় বন্ধ করতে হবে।
বিগত অনেকগুলো বছর বাংলাদেশ একটা জঞ্জালের মধ্যে ছিল উল্লেখ করে আবু আশফাক বলেন, অর্থনীতি এখন শূন্যের দিকে। দেশের মঙ্গল করতে চাইলে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশপ্রেম ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে ইসাবের নবনির্বাচিত সভাপতি মো. দিদারুল ইসলাম ও মহাসচিব নাঈম উদ্দিন মাহমুদ পরিচালনা পর্ষদের পক্ষে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম, রেজাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আশেক কামাল, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হেলাল, রাশেদুজ্জামান, সামিউল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান ও সাব্বির হোসেন।
সব ক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান
অর্থনৈতিক রিপোর্টার
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
