দেশের তৈরি কৃষিপণ্য এবার চীনের আন্তর্জাতিক মেলায়

ফন্ট সাইজ:

আগামী ১৭ থেকে ১৯শে মার্চ চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম চায়না ইন্টারন্যাশনাল এগ্রোকেমিক্যাল অ্যান্ড ক্রপ প্রোটেকশন এক্সিবিশন (সিএসি)। এই এক্সিবিশনে প্রথমবারের মতো বিশ্ববাজারে দেশের তৈরি এগ্রোকেমিক্যাল বা কৃষি পণ্যের প্রদর্শনী করতে যাচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (এনএসি)। আয়োজক সূত্র জানায়, মেলায় ৫০টি দেশের প্রায় ৩০ হাজার দর্শনার্থী উপস্থিত থাকবে। যেখানে এনএসি’র ৭২এফ১৬৯ নম্বর স্টলে বাংলাদেশের তৈরি কৃষিপণ্য সামগ্রী পাওয়া যাবে। চীনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি সাব-কাউন্সিল আয়োজিত ২৬তম এই মেলা ১৭ই মার্চ শুরু হয়ে চলবে ১৯শে মার্চ বেলা ৩টা পর্যন্ত। চীনের সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের এই বৃহত্তম মেলায় প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদিত কৃষিপণ্যের বিশ্ববাজার সমপ্রসারণের জন্য যাচ্ছে এনএসি। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) সভাপতি ও ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির (এনএসি) ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নীতি সহায়তা পেলে ওষুধ শিল্পের মতো এগ্রো শিল্পকেও সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে আমদানির পরিবর্তে রপ্তানিমুখী এবং প্রায় শতভাগ পণ্য উৎপাদন করা সম্ভব। বিশ্ব বাজারে এনএসি’র এই গৌরবময় অংশগ্রহণ সম্পর্কে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদিত এগ্রোকেমিক্যাল বা কৃষি পণ্যের সামগ্রী নিয়ে বিশ্বের বৃহত্তম কৃষিপণ্যের মেলায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান এনএসি। এটা দেশের জন্য খুবই ভালো এবং গৌরবের। তিনি বলেন, এনএসি দেশের জন্য কৃষিপণ্য তৈরি করছেন। এতে আমদানি নির্ভরতা কমাতে দেশকে সহয়াতা করছে। এনএসি’র মতো অন্য কোম্পানিগুলো এগিয়ে আসলে সেটা দেশের জন্য ভালো। তিনি বলেন, আমার এখন তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। কৃষিপণ্য রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানি আয়ে আরেকটা বৈচিত্র্য যুক্ত হবে। যদি ভবিষ্যতে আরও কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করে, তখন এ রকম মেলায় ইপিবিও প্রয়োজনীয় সহয়াতা করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন