প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দেশের প্রতিটি প্রান্তের দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার বগুড়া সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের আঘাত বা কাঁটার আঁচড় লাগতে দেয়া হবে না। তিনি বলেন, আমরা জনগণের দেয়া আমানত বা ভোটের মর্যাদা রক্ষা করতে জানি। ভোটারদের আঙ্গুলের কালি শুকানোর আগেই বিএনপি সরকার তাদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে পূরণ করছে। সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। সেখানে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দ প্রদান করা হয়। সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে অংশ নেন শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জজ কোর্টের জিপি এডভোকেট শফিকুল ইসলাম টুকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল ওহাব। বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর মসজিদের চলমান নির্মাণকাজ সরজমিন পরিদর্শন করেন। এরপর তিনি প্রয়াত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও শাহ এমএ জলিলের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। দুপুরে তিনি সাদুল্যাপুর সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত হরিবাসর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বদলে যাচ্ছে দেশের সার্বিক চিত্র: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
