চট্টগ্রাম থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থার ট্রেনযাত্রা। ঈদ যাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৩শে মার্চের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট যাচাই শেষে যাত্রীদের প্ল্যাটফরমে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। তথ্য অনুযায়ী ভোর ৪টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে ঈদযাত্রা শুরু হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে একই গন্তব্যে ছাড়ে সৈকত এক্সপ্রেস। সকাল ৬টা ও ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেস। সকাল ৭টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। এরপর ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ছাড়ে বিজয় এক্সপ্রেস এবং ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়।

এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ রেলওয়ে এ বছরও সাত দিনব্যাপী ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে। ৩রা মার্চ শুরু হয়ে ৯ই মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলে। শেষ দিনে বিক্রি করা হয় ১৯শে মার্চের যাত্রার টিকিট।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, এবারের ঈদ উপলক্ষে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনে আট হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন