পাকিস্তানি স্পিনারকে দলে নিয়ে বিপাকে সানরাইজার্স লিডস

পাকিস্তানি স্পিনারকে দলে নিয়ে বিপাকে সানরাইজার্স লিডস

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর নিলামে পাকিস্তান স্পিনার আবরার আহমেদকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ২.৩৪ কোটি টাকা) কেনে সানরাইজার্স লিডস। এরপরই নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছে দলটি। এ মিস্ট্রি স্পিনারকে কেনার স্রেফ কয়েক ঘণ্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি কর্তৃপক্ষ স্থগিত করে দিয়েছে!
লন্ডনের পিকাডিলি লাইটসে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে উপস্থিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদ ও লিডসের সহ-মালিক কাব্য মারান। ট্রেন্ট রকেটসের সঙ্গে প্রায় লড়াই করেই আবরারকে দলে টানেন তিনি। ২০০৮-এর পর এবারই প্রথম কোনো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-সংশ্লিষ্ট মালিকানাধীন দল কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিলো। তবে এই সিদ্ধান্ত ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। ভারতের ক্রিকেটপ্রেমীদের একাংশ এরই মধ্যে সানরাইজার্স ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, ২০২৫-এর মাঝামাঝি সময়ে আবরার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিদ্রুপ করেন। এমন একজনকে মোটা অঙ্কের বিনিময়ে দলে নেয়ায় ক্ষুব্ধ সমর্থকরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে #ঝযধসবঙহঝজঐ হ্যাশট্যাগ ট্রেন্ড চালু করেছে।
এর পরই ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট স্থগিতের বিষয়টি সামনে এলো। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র খবর, কী কারণে সানরাইজার্স লিডসের ফ্র্যাঞ্চাইজির অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, সেটির ব্যাখ্যা দেয়নি এক্স কর্তৃপক্ষ। তবে এক্স ওয়েবসাইটে উল্লেখ করা আছে, নিরাপত্তা, গোপনীয়তা, ভিডিও কনটেন্টে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের কারণে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে। অথচ, সান গ্রুপের অন্য দল যেমন হায়দরাবাদ বা ইস্টার্ন কেপের অ্যাকাউন্টগুলো এখনো সচল।
দ্যা হানড্রেডের নিলামের আগে গুঞ্জন ছিল, আইপিএল মালিকানাধীন দলগুলো পাকিস্তান ক্রিকেটারদের এড়িয়ে চলবে। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কড়া বার্তার পর এ পথে হাঁটলো সানরাইজার্স। এই ফ্র্যাঞ্চাজিটিসহ আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ মূলত চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান। এর নেতৃত্বে আছেন কালানিথি মারান। তার মেয়ে কাব্য মারান সানরাইজার্স হায়দরাবাদ, সানরাইজার্স লিডস ও সানরাইজার্স ইস্টার্ন কেপের সহ-মালিক। মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে শুরু এই বিতর্ক কাব্য মারানরা কীভাবে সামাল দেন, এখন সেটিই দেখার বিষয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন