বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) নাম লেখানোর পর সাত মৌসুমে অংশ নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা কিংস। লীগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল তারা। ছয়টি শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। আকাশী-নীলদের সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পাচ্ছে কিংস। লীগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। তবে ১০ ম্যাচে সমান ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা ফর্টিস এফসি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিংস অ্যারেনায় আজ লীগের দ্বিতীয় পর্বে মুখোমুখি হচ্ছে দল দু’টি। খেলা শুরু দুপুর পৌনে তিনটায়। এই ম্যাচে ফর্টিস যদি কিংসকে হারিয়ে দেয়, তবে তারা পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে। আর কিংস জিতলে শীর্ষস্থান আরও পোক্ত হবে। একই দিনে মাঠে গড়াবে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী ম্যাচ। আরেক ম্যাচে লড়াই হবে তলানীতে থাকা দুই দলের। যেখানে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।
পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র কওে লীগের মিশন শুরু কিংস দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায়। ফর্টিস এফসিকে ২-১ গোলে হারায়। পরের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে কিংস। আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারায় মারিও গোমেজের শিষ্যরা। নিজেদের চতুর্থ ম্যাচে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিকে পেয়ে গোলোৎসব করে কিংস। সেই ম্যাচে দলের পাঁচ ফুটবলার গোলের দেখা পান। ব্রাদার্সের বিপক্ষেও চলে কিংসের গোলোৎসব। ৫-১ ব্যবধানে লীগের চতুর্থ জয়টি তুলে নেয়। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় কিংস। তবে পরের ম্যাচে এবারের লীগে প্রথম হারের (২-১) স্বাক্ষী হয় তারা। যোগ করা সময়ে গোল কওে বাংলাদেশ পুলিশকে আনন্দে ভাসান উগান্ডার মিডফিল্ডার কাগিমো শফিক। এরপর টানা তিন ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে কিংস। নিজেদের শেষ ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখে তারা।
গত আসরে পয়েন্ট তালিকার ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করা ফর্টিস এফসি এবারের লীগে দুর্দান্ত খেলছে। নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ২-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে টেবিল টপার কিংসের কাছে ২-১ গোলে হেরে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে ফর্টিস। চতুর্থ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরে দলটি। পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে পা ওমর বাবুর দল। ষষ্ঠ ম্যাচে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে আবারো শিরোপার লড়াইয়ে ফেরে ফর্টিস। এরপর ফকিরেরপুল ইয়াংম্যান্সকে ৩-০ ব্যবধানে হারায়। প্রথম পর্ব শেষ হওয়ার শেষ দুই ম্যাচে একটি ড্র ও একটি জয় তুলে নেয় ফর্টিস। দুই মাসের বেশি বিরতি দিয়ে লীগ শুরু হলেও ছন্দপতন হয়নি তাদের। দ্বিতীয় পর্বেও মোহামেডানকে হারায় ফর্টিস। এবারের লীগে দুর্দান্ত ফর্মে আছেন কিংসের হয়ে খেলা ডোরিয়েল্টন। ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলস্কোরার। ৯ গোল করেছেন তিনি। ফর্টিসের বিপক্ষে ম্যাচেও গোল পেতে চাইবেন ডোরিয়েল্টন। সেরা চারে আছেন ফর্টিসের অধিনায়ক পা ওমর বাবু। ৬ গোলের পাশাপাশি এবারের লীগে দুটি এসিস্ট করেছেন তিনি। কিংসকে শীর্ষস্থান থেকে সরাতে ফর্টিস অধিনায়ককেও বাড়তি দায়িত্ব নিতে হবে। সবোর্চ্চ গোলদাতার তালিকায় ওমরের পরে আছেন কিংসের মোহাম্মদ ফাহিম। বাংলাদেশি এ ফরোয়ার্ড পাঁচ গোলের পাশাপাশি তিনটি এসিস্ট করেছেন। মুখোমুখি শেষ পাঁচ ম্যাচে সমানে সমান কিংস-ফর্টিস। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, বাকী তিন ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ ফুটবল লীগ
চূড়ায় কিংস-ফর্টিসের লড়াই আজ
স্পোর্টস রিপোর্টার
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
